• ২১ কার্তিক ১৪৩৩, মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Higher Secondary

রাজ্য

উচ্চ মাধ্যমিকে রাজ্যে প্রথম বর্ধমানের রুপায়ন পাল, জয়জয়কার পূর্ব বর্ধমানের

ভারতীয় সেনাারা অপারেশন সিঁদুরের মাধ্যমে গুড়িয়ে দিয়েছে ৯টি জঙ্গি ঘাঁটি। মঙ্গলবার ভোররাতের ওই ঘটনায় বেজায় খশি এবছর উচ্চ মাধ্যমিকে রাজ্যে প্রথম স্থান পাওয়া বর্ধমান সিএমএস হাই স্কুলের ছাত্র রুপায়ন পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ (৯৯.৪ শতাংশ)। বুধবার ফল প্রকাশের পর কৃতী ছাত্র রুপায়ন সাংবাদিকদের বলে, ভারতীয় সেনারা যে প্রত্যাঘাত করেছে সেটা যথেষ্টই প্রশংসনীয়। প্রত্যেক ভারতীয় জন্য এটা গর্বের। উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় স্থান করে নিয়েছে পূর্ব বর্ধমান জেলার আরও ছয় কৃতী ছাত্র ছাত্রী।রুপায়ন পালেদের আদি বাড়ি ভাতারের খেড়ুর গ্রামে। তবে এখন তাঁরা থাকেন বর্ধমান শহরের সুভাষপল্লী কালীতলায়। রূপায়ণের বাবা রবীন্দ্রনাথ পাল জামালপুর থানার জৌগ্রাম হাই স্কুলের শিক্ষক। মা জয়শ্রী পাল ভাতারের ভাটাকুল স্বর্ণময়ী হাইস্কুলের প্রধান শিক্ষিকা।রুপায়ন জানিয়েছে, মাধ্যমিকের মেধা তালিকায় আমি পঞ্চম স্থানে ছিলাম।উচ্চ-মাধ্যমিক পরীক্ষা ভাল হলেও মেধা তালিকার একেবারে প্রথম স্থানে আমি থাকব, এতটা আমি আশা করিনি।রুপায়ন জানিয়েছে, তাঁর এই সাফল্যের পিছনে সবথেকে বড় অবদান রয়েছে তাঁর বাবা ও মায়ের।পাঠ্য পুস্তক পড়ার পাশাপাশি গল্পের বই পড়ার প্রতিও যথেষ্ট ঝোকঁ রয়েছে রুপায়নের। তাঁর প্রিয় লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। প্রিয় চরিত্র ব্যোমকেশ। উচ্চ মাধ্যমিকে ভাল ফল করার জন্য দৈনিক ১২-১৩ ঘন্টা পড়াশুনা করেছে রুপায়ন। কৃতী এই ছাত্র ডাক্তার হতে চায়। তার জন্য সে জয়েন্ট পরীক্ষাও দিয়েছে বলে জানিয়েছে। ডাক্তার হতে চাওয়ার কারণ ব্যাখ্যাও করেছে রুপায়ন।তবে শুধু রুপায়ন পালই নয়, মাধ্যমিকের মতই উচ্চ মাধ্যমিকের মেধা তালিকাতে পূর্ব বর্ধমান জেলার একাধীক স্কুলের ছাত্র-ছাত্রীরা জায়গা করে নিয়েছে। মেধা তালিকার পঞ্চম স্থানে রয়েছে জেলার কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশনের ছাত্র ঋদ্ধিত পাল এবং ভাতার এম পি হাইস্কুলের ছাত্র কুন্তল চৌধুরী। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৩ (৯৮.৬ শতাংশ)। এছাড়াও ষষ্ঠ স্থানে রয়েছে কাটোয়া ডি ডি সি গার্লস হাই স্কুলের ছাত্রী দেবদত্তা মাঝি ও মেমারির ভি এম ইনস্টিটিউশন (শাখা ১) এর ছাত্র জয়দীপ পাল। তাঁদের প্রাপ্ত নম্বর-৪৯২ (৯৮.৪ শতাংশ)। ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষায় দেবদত্তা ৭০০ নম্বরে মাধ্যম ৬৯৭ নম্বর পেয়ে রাজ্যে প্রথম হয়েছিল।ইতিমধ্যেই এবছর জয়েন্ট এন্ট্রান্সের (JEE মেন) প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনেও ১০০-য় ১০০ পেয়ে প্রথম স্থান অধিকার করেছে কাটোয়ার দেবদত্তা মাঝি। এবছরের উচ্চ মাধ্যমিকের মেধা তালিকার সপ্তম স্থানে এবং দশম স্থানে জায়গা করে নিয়েছে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে দুই কৃতী ছাত্র শুভম পাল ও অর্ক বন্দ্যোপাধ্যায়। সপ্তম স্থানাধিকারী শুভমের প্রাপ্ত নম্বর - ৪৯১ (৯৮.২ শতাংশ)। আর দশম স্থান থাকা অর্ক বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত নম্বর ৪৮৮ (৯৭.৬ শতাংশ)।

মে ০৭, ২০২৫
শিক্ষা

নকলে বাধা উচ্চ মাধ্যমিকে, ধুন্ধুমার মালদার বৈষ্ণবনগর থানার চামাগ্রাম হাইস্কুল

উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার দিন নকল করতে বাধা দেওয়ার ঘটনায় ধুন্ধুমার মালদার বৈষ্ণবনগর থানার চামাগ্রাম হাইস্কুল। অভিযোগ,নকলে বাধা দেওয়ায় পরীক্ষার্থীদের একাংশ সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকদের মারধর করে বলে অভিযোগ। এমনকি অফিস ঘরের চা তৈরীর গরম জল হুড়োহুড়ির মধ্যে শিক্ষকদের গায়ে পড়েও জখম হন কয়েকজন। বুধবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চামাগ্রাম হাইস্কুল চত্বরে। পরে ঘটনার খবর পেয়ে ওই স্কুলে পৌঁছায় বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশ বাহিনী। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও ইংরেজি পরীক্ষা পরে সুষ্ঠু মতো সম্পন্ন হলেও, আতঙ্কে রয়েছেন সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক এবং শিক্ষিকারা। এই হামলার ঘটনায় ৬ জন শিক্ষক জখম হয়েছেন বলে অভিযোগ। যাদের মধ্যে দুইজনকে বৈষ্ণবনগর থানার বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে।এদিকে এদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার তদারকি করতে মালদা এসেছিলেন পশ্চিমবঙ্গ হায়ার সেকেন্ডারি বোর্ডের কাউন্সিল সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য। তিনিও পরীক্ষার শেষে ওই স্কুলে পরিদর্শনে যান এবং সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। এই হামলার বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট জেলা শিক্ষা দপ্তরের কাছে চেয়ে পাঠিয়েছেন পশ্চিমবঙ্গ হায়ার সেকেন্ডারি বোর্ডের কাউন্সিল সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এবছর চামাগ্রাম হাইস্কুলে সিট পড়েছে কান্দিটোলা হাইমাদ্রাসা, চর সুজাপুর হাইস্কুল এবং পারলালপুর হাইস্কুলের। পরীক্ষা শুরুর সময় মেন গেটের সামনে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি চালাচ্ছিলেন কয়েকজন শিক্ষক। সেই সময় পরীক্ষার্থীদের একাংশ তল্লাশি চালানোর প্রতিবাদ জানিয়ে আচমকায় কয়েকজন শিক্ষকের ওপর হামলা চালায় বলে অভিযোগ। আর তাতেই পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ মধ্যে ধুন্ধুমার কান্ড ঘটে যায় । পরে ঘটনাস্থলে পৌঁছায় বৈষ্ণবনগর থানার পুলিশ।চামাগ্রাম হাইস্কুলের সহকারী শিক্ষক বিলাশচন্দ্র মন্ডল জানিয়েছেন, এদিন ইংরেজি পরীক্ষা ছিল। পরীক্ষা শুরুর আগে স্কুলের মেনগেট দিয়ে পরীক্ষার্থীরা যখন প্রবেশ করছিল, তখন মেটাল ডিটেক্টর দিয়ে কয়েকজন শিক্ষক তাদের তল্লাশি চালাচ্ছিল। সেই সময় তল্লাশি চালাতে বাঁধা দেয় একাংশ পরীক্ষার্থীরা। তখনই হুড়োহুড়ি শুরু হয় এবং সে সময় কয়েকজন শিক্ষকের ওপর একাংশ পরীক্ষার্থীরা হামলা চালায় বলে অভিযোগ। তখনকার মতো বিষয়টি মিটে গেলেও পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগেই হঠাৎ করে একদল পরীক্ষার্থী স্কুলের অফিস ঘরে ঢুকেই গোলমাল শুরু করে। প্রতিবাদ করাতেই শিক্ষকদের ওপর হামলা চালানো হয়। কয়েকজন শিক্ষককে মারধর করা হয়। সেই সময় টেবিলের চা তৈরির জন গামলায় গরম জল ছিল। সেটিও কয়েকজন শিক্ষকদের গায়ে এসে পড়ে। চামাগ্রাম হাই স্কুলের শিক্ষকদের বক্তব্য, পরীক্ষার্থীদের হামলার ঘটনায় রীতিমত আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দিয়েছে ঠিকই। কিন্তু পরবর্তী পরীক্ষাগুলিতে এমন ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। রীতিমতো নকলে বাঁধা দেওয়ার কারণেই এদিন একাংশ পরীক্ষার্থীরা এই অশান্তি সৃষ্টি করেছে। পুরো বিষয়টি জেলা শিক্ষা দপ্তরকে জানানো হয়েছে। এদিকে এই ঘটনার পর এদিন দুপুরে চামাগ্রাম হাইস্কুলে গিয়ে পৌঁছায় পশ্চিমবঙ্গ হায়ার সেকেন্ডারি বোর্ডের কাউন্সিল সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য । কথা বলেন সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে। চিরঞ্জীববাবু বলেন, ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। এমন ঘটনা কখনো আশা করা যায় না। শিক্ষকেরা পরীক্ষার্থীদের নকলে বাধা দেওয়ার জন্যই তল্লাশি চালানোর কাজ করেছেন। কিন্তু হঠাৎ করে শিক্ষকদের ওপর একাংশ পরীক্ষার্থীদের হামলা সেটা অত্যন্ত জঘন্য কাজ। ইতিমধ্যে জেলা শিক্ষা দপ্তরের কাছে পুরো রিপোর্ট চেয়ে পাঠিয়েছি। সবদিক দিয়ে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনার পিছনে বহিরাগত কেউ যুক্ত রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

মার্চ ০৫, ২০২৫
শিক্ষা

এবার আরও সতর্ক উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ, প্রশ্নপত্র ফাঁসে একাধিক পরিকল্পনা

প্রতিবছরই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিতর্ক চরমে ওঠে। অনেক সময় দেখা গিয়েছে এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে মালদা জেলা। এবার উচ্চমাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস রুখতে এবারে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।বিগত দিনে যেখানে পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রের ভেনু সুপার ভাইজারের ঘরে খোলা হত। কিন্তু এবার থেকে সেই প্রশ্নপত্র একেবারে পরীক্ষা শুরুর মুহূর্তে পরীক্ষা হলে ছাত্র-ছাত্রীদের সামনে খোলা হবে। সেই সঙ্গে প্রত্যেকটি ভেনুতে থাকছে মেটাল ডিরেক্টরের ব্যবস্থা। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁস রুখতে বারকোড, সিরিয়াল নাম্বার, কিউ আর কোডসহ একাধিক অত্যাধুনিক সিকিউরিটি ফিচার যুক্ত করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে মালদায় এসে এই পরিকল্পনার কথা জানান পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এদিন মালদা টাউন হলে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা জেলা শিক্ষা দপ্তরের কর্মী আধিকারিকদের উপস্থিতিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নানা ব্যবস্থার কথা বলেন চিরঞ্জীব ভট্টাচার্য।শিক্ষা দপ্তরে জানা গিয়েছে, আগামি বছর ৩ মার্চ থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলবে ১৮ মার্চ পর্যন্ত। সুষ্ঠুভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করতে এদিন মালদা টাউন হলে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসনের উপদেষ্টা কমিটির সদস্য ও শিক্ষক-শিক্ষিকাদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয় এই প্রস্তুতি সভা থেকে।

ডিসেম্বর ০৫, ২০২৪
শিক্ষা

উচ্চমাধ্যমিকে প্রথম আলিপুরদুয়ারের অভীক, রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম হুগলির স্নেহা

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। এবার ১৫টা জেলা থেকে ৫৮ জন প্রথম দশে স্থান পেয়েছে। হুগলিতে ১৩ জন, বাঁকুড়াতে ৯ দক্ষিণ ২৪ পরগানায় ৭, কলকাতায় ৫, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরের ৪ জন করে আছেন প্রথম দশে। উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছেন আলিপুরদুয়ারের অভীক দাস। পেয়েছেন ৪৯৬ অর্থাৎ ৯৯.২ শতাংশ। দ্বিতীয় সৌম্যদীপ সাহা ৪৯৫ নরেন্দ্রপুর হাইস্কুলের ছাত্র। ৪৯৪ পেয়ে দ্বিতীয় স্থান পেয়েছেন অভিষেক গুপ্ত। রামকৃষ্ণ মিশন হাইস্কুল, মালদার ছাত্র অভিষেক। চতুর্থ প্রতীচি ও স্নেহা ঘোষ হুগলি থেকে। নম্বর ৫৯৩। মেয়েদের মধ্যে প্রথম স্নেহা। এবার পঞ্চম হয়েছেন ৭ জন। তাঁরা ৪৯২ পেয়েছেন।

মে ০৮, ২০২৪
শিক্ষা

২০২৬ সাল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তন

সম্পূর্ণ পরিবর্তন হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার পদ্ধতি। শুধু মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের শিক্ষা বাবস্থাতেই নয়, রাজ্যের সমস্ত রকমের শিক্ষা ব্যাবস্থার ক্ষেত্রেই পরিবর্তন আনতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আগামী বছর অর্থাৎ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকেই এই নতুন পরীক্ষা পদ্ধতি চালু হবে বলে জানিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবার যারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হবে, তারা এই নতুন নিয়ম অনুসারে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে। তবে এখন যারা একাদশ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণীতে উঠছে, তারা অবশ্য ২০২৫ সালের নির্ধারিত পরীক্ষার সূচি অনুযায়ী উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে। নতুন নিয়ম অনুযায়ী, একাদশ শ্রেণীতে হবে দুটি সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীতে হবে দুটি সেমিস্টার। দুবছরে মোট চারটে সেমিস্টারে পরীক্ষা হবে। বুধবার বিকেলে এমনই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা পরিষদ। কিছুদিন আগে এক সংবাদ মাধ্যমে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, ২০২৪ সালেই উচ্চমাধ্যমিকের সিলেবাসের পরিবর্তন করে সেমিস্টার পদ্ধতি চালু হতে পারে। এবিষয়ে তাঁরা দ্রুত সিদ্ধান্ত নেবেন, যার ফলে যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিল তারা একাদশ শ্রেণীর পড়াশোনা শুরু করতে পারছিল না। নতুন সিলেবাসে সম্পর্কে জানতে চাইছেন পড়ুয়া এবং তাদের অভিভাবকেরা। উচ্চমাধ্যমিক শিক্ষা পরিষদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যবলেন, দ্বাদশ শ্রেণীতে যে দুটি সেমিস্টার হবে তার প্রথমটি হবে নভেম্বরে, দ্বিতীয়টি হবে মার্চে। প্রথম পরীক্ষাটি হবে শুধু মাল্টিপল চয়েস নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ এর উপর এবং দ্বিতীয় পরীক্ষাটিতে সবিস্তার উত্তর লিখতে হবে। পরীক্ষাগুলির নম্বর বিভাজন সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি শিক্ষা দপ্তর থেকে। শিক্ষক সংগঠনগুলি অনেকেই মনে করেছেন এই জাতীয়নীতির অনুসরণে পুড়ুয়াদের ক্ষতি হবে। উচ্চমাধ্যমিকের পর উচ্চতর ডিগ্রির জন্য প্রবেশিকা পরীক্ষার জন্য সামগ্রিক পাঠ্যক্রম জানা জরুরি। তবে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের মতে, দুটি ভাগে পরীক্ষা হলে পড়ুয়াদের কাছে উচ্চমাধ্যমিকের মূল্যায়ন আরো নিখুঁত হবে। একটি সেমিস্টারে খারাপ ফল হলে পরবর্তী পরীক্ষায় সেই ভুল শুধরে নেয়ার একটা সুযোগ থাকবে। আরো বলেছেন, সেমিস্টারের সিলেবাসে এমনভাবে করা হবে যাতে পুড়ুয়াদের উচ্চশিক্ষায় কোনো ক্ষতি না হয়।

মার্চ ১৪, ২০২৪
শিক্ষা

উচ্চ মাধ্যমিক পরীক্ষা পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন, বদল ঘটবে প্রশ্নের ধাঁচেও

বদলে যাচ্ছে রাজ্যের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পদ্ধতি। আগামী ২০২৪ সালের একাদশ শ্রেণিতে যেসব পড়ুয়া ভর্তি হবে তারাই নয়া পদ্ধতিতে প্রথম পরীক্ষা দেবে।এবার পড়াশুনার পদ্ধতি বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিকে। সেমিস্টার পদ্ধতি শুরু হতে চলেছে। একাদশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় সেমেস্টার পদ্ধতি চালু করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৪ শিক্ষাবর্ষে যে সব পড়ুয়া একাদশ শ্রেণিতে ভর্তি হবে, সেই সব পড়ুয়ারা এই নয়া নিয়মের আওতায় পড়বে। সেমেস্টার পদ্ধতিতে মূল্যায়নের প্রথম ফলাফল ঘোষণা হবে ২০২৬ সালে। ২০২১ সালে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন সেমেস্টার পদ্ধতিতে করার প্রস্তাব রাজ্যকে দিয়েছিল সংসদ। গত সোমবার সংসদের প্রস্তাবেই অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।সংসদ সূত্রে খবর, একাদশ শ্রেণিতে দুটি এবং দ্বাদশ শ্রেণিতে দুটি সেমেস্টার হবে। ২০২৪ সালে যেসব পড়ুয়া একাদশে ভর্তি হবে তারা নভেম্বরে প্রথম সেমেস্টারে বসবে। একাদশ শ্রেণির দ্বিতীয় তথা শেষ সেমেস্টার হবে ২০২৫ সালের মার্চে। ওই বছর নভেম্বরে হবে দ্বাদশ শ্রেণির প্রথম সেমেস্টার। ২০২৬ সালের মার্চে হবে দ্বাদশ শ্রেণির দ্বিতীয় সেমেস্টার।দ্বাদশ শ্রেণির দুটো সেমেস্টারের উপর মূল্যায়ন করে উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে। প্রশ্ন পত্রেও আসবে পরিবর্তন। নভেম্বর মাসে দ্বাদশ শ্রেণির প্রথম সেমেস্টারে প্রশ্ন হবে এমসিকিউ ধরণের। অর্থাৎ ওএমআর শিটে উত্তর লিখতে হবে পড়ুয়াদের। আপাতত এমনই সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। দ্বাদশের দ্বিতীয় সেমেস্টারে পড়ুয়াদের বিষয়ের উপর ছোট, বড় মিলিয়ে প্রশ্নের উত্তর লিখতে হবে। তবে প্র্যাকটিকাল পরীক্ষা একটাই হবে। সেমেস্টার অনুয়ায়ী প্র্যাকটিকাল পরীক্ষা ভাগ হবে না।সংসদ সূত্রে খবর, সর্বভারতীয় স্তরে প্রায় সব পরীক্ষাই ওএমআর শিটে দিতে হয়। তাই বাংলার পড়ুয়াদেট সর্বভারতীয় ক্ষেত্রে অভ্যস্ত করতেই ওএমআর ফরম্যাটে পরীক্ষার এই আয়োজন।

আগস্ট ০৯, ২০২৩
রাজ্য

জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সচিব

এসএসসিতে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে চাকরি গিয়েছিল তৎকালীন শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের। এবার আরেক মন্ত্রীর মেয়ে বড় পদ পেলেন শিক্ষা দফতরে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সচিব পদে নিযুক্ত হলেন প্রিয়দর্শিনী মল্লিক। যিনি সম্পর্কে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে । ৩১ জুলাই নিয়োগ-বিজ্ঞপ্তি জারি হলেও এই নিয়োগের বিষয়টি জানা গিয়েছে বুধবারই। প্রিয়দর্শিনী তিন বছর সচিবের দায়িত্ব সামলাবেন বলেই নির্দেশিকায় উল্লেখ রয়েছে। জ্যোতিপ্রিয় কন্যা আশুতোষ কলেজের মাইক্রো বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপিকা হিসাবে কর্মরতা ছিলেন।তাপস কুমার মুখোপাধ্যায় স্বয়ং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন। তাপসবাবুর যুক্তি ছিল, আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১৬ ফেব্রুয়ারি থেকে। কিন্তু ৪ তারিখ তিনি দায়িত্ব ছাড়ার পর নতুন যিনি তাঁর জায়গায় আসবেন, তিনি সেই দায়িত্ব সামলাতে মুশকিলে পড়বেন। তাই আগেভাগেই পদ ছেড়ে দিতে চেয়েছিলেন তাপসবাবু। প্রশাসন তাপস মুখোপাধ্যায়ের আবেদনকে মান্যতা দিয়েছে। সংসদের সচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয় তাঁকে। শেষমেষ প্রিয়দর্শিনী মল্লিককে সচিব হিসাবে পেল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে নির্দেশের প্রতিলিপি হাতে না মেলায় এখনই সংবাদ মাধ্যমে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি প্রিয়দর্শিনী।রাজ্যের এক মন্ত্রীর মেয়েকে শিক্ষা প্রশাসনে নিয়োগ ঘিরে জোর বিতর্ক সৃষ্টি হয়েছে। এর আগে ২০২১ সালে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী মণিদীপা এবং কন্যা প্রিয়দর্শিনীর মল্লিকের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছিল প্রধান বিরোধী দল। বিজেপি-র অভিযোগ ছিল, জ্যোতিপ্রিয় মল্লিক ক্ষমতার অপব্যবহার করে কয়েক কোটি টাকার আর্থিক তছরূপ করেছিলেন। এর সঙ্গে জড়িত মন্ত্রীর স্ত্রী ও কন্যাও। রীতিমতো ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এবং আয়কর রিটার্ন-এর কাগজপত্র পেশ করে অভিযোগের বিষয়টি জোড়ল করতে চেয়েছিল বিজেপি নেতৃত্ব।

আগস্ট ০২, ২০২৩
রাজ্য

সিট খোঁজা নিয়ে দুই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষে উত্তাল হরিশ্চন্দ্রপুর

পরীক্ষা কেন্দ্রের সিট খোঁজা নিয়েও সংঘর্ষ শনিবার দুই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে সিট নিয়ে তুমুল সংঘর্ষে তীব্র চাঞ্চল্য ছড়ালো হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল গ্রামের ভিঙ্গল হাইস্কুলে। শনিবার সকালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুরুর কিছুক্ষণ আগেই এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। তাতে তিনজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী গুরুতর জখম হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এই সংঘর্ষের খবর পেয়েই ভিঙ্গল হাইস্কুলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও দুই স্কুলের পরীক্ষার্থীদের পক্ষ থেকেই সংশ্লিষ্ট থানায় মারধরের ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।উল্লেখ্য, শনিবার ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিন। এই স্কুলে সিট পড়েছে কনুয়া হাই মাদ্রাসা এবং চন্ডিপুর হাই স্কুলের ছাত্রদের। পরীক্ষা শুরুর আগে সিট খোঁজা নিয়ে দুই স্কুলের কয়েকজন ছাত্রের মধ্যেে ঝামেলা শুরু হয়। কনুয়া হাই মাদ্রাসার এক পরীক্ষার্থীর অভিযোগ চন্ডিপুর হাই স্কুলের ছাত্ররা তাদের এক ছাত্রকে প্রথমে মারধর করে। তারপরেই শুরু হয় ঝামেলা। এতে মাথা ফেটে যায় এক ছাত্রের। আরো দুইজন ছাত্র চোট আঘাত পেয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ সাথে সাথে পরিস্থিতির সামাল দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেওদূত গজমেরের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে এসে পৌঁছায় পরীক্ষা কেন্দ্রে। পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয় পরীক্ষা। ভিঙ্গল হাই স্কুলের প্রধান শিক্ষক রাজেন্দ্র প্রসাদ সাহা জানিয়েছেন, সঠিক সময়ে পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা চলাকালীন আর কোনরকম অশান্তি হয় নি। তবে স্কুলের বাইরে গোলমাল হয়েছে তাই এই ব্যাপারে পরিষ্কার করে কিছু বলতে পারব না।এদিকে পুলিশে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুটি স্কুলেরই সিট পড়েছে ভিঙ্গল হাইস্কুলে। এদিন ক্লাসে পরীক্ষার সিট খোঁজা নিয়েই প্রথমে কয়েকজন পরীক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। আর সেই থেকে ঝামেলার সূত্রপাত। হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেওদূত গজমের জানিয়েছেন, পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এবং সঠিক সময় পরীক্ষা শুরু হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে

মার্চ ১৮, ২০২৩
রাজ্য

বদলে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষা সূচি

বদলে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি। চারটি পরীক্ষার দিন বদল হল। সোমবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা জন্য উচ্চ মাধ্যমিকের চারটি পরীক্ষার দিন বদল করা হচ্ছে। বাকি পরীক্ষার দিনগুলি অপরিবর্তিত থাকছে। একতরফা ভাবে জয়েন্ট এন্ট্রান্সের রুটিন প্রকাশ করা হয়েছে বলে দাবি সংসদের।মূলত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার কারণেই এই দিনগুলি বদল করতে হয়েছে। একই দিনে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা পড়ে যাওয়ায় পরীক্ষার্থীরা সমস্যায় পড়তে পারত। তাই এই সিদ্ধান্ত। সংসদের তরফে জানান হয়েছে, এই ঘটনা নজিরবিহীন। কোনও একটি রাজ্যের বোর্ডের অসুবিধা হলে, জয়েন্ট এন্ট্রান্স কর্তৃপক্ষ দিন বদল করবে না। তাই সংসদকেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।কোন পরীক্ষা কবে১৩, ১৬, ১৮ ও ২০ এপ্রিলের পরীক্ষাগুলির দিন পরিবর্তন করা হয়েছে।১. ১৩ তারিখে দর্শন ও সমাজবিজ্ঞানের যে পরীক্ষা ছিল, সেটাই বদলে হচ্ছে ১৮ এপ্রিল।২. ১৬ তারিখে যে সব পরীক্ষার হওয়ার কথা ছিল, সেগুলি হল রসায়ন, সাংবাদিকতা, সংস্কৃত, আরবি, ফরাসি। এই পরীক্ষাগুলি হবে, ১৩ এপ্রিল।৩. ১৮ এপ্রিল ছিল স্ট্যাটিসটিক্স, ভূগোল, হোম ম্যানেজমেন্টের পরীক্ষা। বদলে সেই পরীক্ষা হবে ২৫ এপ্রিল।৪. ২০ এপ্রিল ছিল অর্থনীতির পরীক্ষা, যা পিছিয়ে ২৭ এপ্রিল করা হয়েছে।গত বছর করোনা পরিস্থিতির জেরে হয়নি উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পূর্ব পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই ফল প্রকাশ করা হয়েছিল। এবার পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসায় ফের অফলাইনে পরীক্ষা নেওয়া হচ্ছে। আর তার আগেই বদল হল সূচি। তবে পরীক্ষা শুরুর দিন অপরিবর্তিত রয়েছে। আগামী ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

মার্চ ০৭, ২০২২
শিক্ষা

Result: উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ চলতি মাসেই

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে আগামী ২২ জুলাই, বৃহস্পতিবার। মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ আরও জানিয়েছে, ২২ জুলাই দুপুর ৩টে থেকে ফলাফল প্রকাশ করা হবে। ওই দিনই বিকেল ৪টে থেকে সংসদের নিজস্ব ওয়েবসাইট-সহ একাধিক ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল জানা যাবে। সেই সঙ্গে এসএমএস এবং মোবাইল অ্যাপের মাধ্যমেও তা জানা যাবে। ফলাফল প্রকাশের পরের দিন অর্থাৎ ২৩ জুলাই, শুক্রবার সকাল ১১টা থেকে পরীক্ষার্থীদের মার্কশিট-সহ অন্যান্য শংসাপত্র দেওয়া হবে বলে ঘোষণা করেছে সংসদ।আরও পড়ুনঃ তোলাবাজ ও চামচাবাজদের নিয়ে দল চলছে, অভিযোগ বর্ধমানের বিজেপি নেতারপরীক্ষার্থীরা www.exametc.com, www.indiaresults.com এই ওয়েবসাইট ছাড়াও WB12 space (roll no) লিখে 56070 এই নম্বরে এসএমএস করে অথবা www.results.shiksha এই মোবাইল অ্যাপ থেকে ফলাফল জানতে পারবেন। ২৩ তারিখ সকাল এগারোটা থেকে পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট বণ্টন কেন্দ্র থেকে তাদের মার্কশিট সংগ্রহ করতে পারবেন বলে সংসদের তরফে জানানো হয়েছে। উল্লেখ্য, করোনা জেরে চলতি বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার পরে বিশেষজ্ঞ কমিটির সুপারিশে মূল্যায়ন পদ্ধতিতে ফলাফল প্রকাশ করা হচ্ছে।

জুলাই ১৩, ২০২১
রাজ্য

করোনা আবহে জনমতের ভিত্তিতে বাতিল মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক

করোনা আবহে শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের দেখানো পথে হেঁটে চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করল রাজ্য । বিশেষজ্ঞদের মতামত এবং রাজ্যের জনসাধারণের দেওয়া রায়ের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার জানিয়েছেন। নবান্নে এদিন এক সাংবাদিক বৈঠকে পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে একদিনের মধ্যে প্রায় ৩৪ হাজার মানুষ ইমেইল মারফত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে তাদের মতামত জানিয়েছেন। যাদের মধ্যে অধিকাংশই বর্তমান পরিস্থিতিতে চলতি পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার বিপক্ষে। এ ব্যাপারে সুপ্রিম কোর্টেরও পর্যবেক্ষণ রয়েছে। সিবিএসই-সহ কেন্দ্রীয় বোর্ড ও অন্যান্য রাজ্যও বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা বাতিল করেছে। তাই সব দিক খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নেওয়া হলো। কিন্তু ছাত্র ছাত্রীদের যাতে এই সিদ্ধান্তের ফলে কোন অসুবিধা না হয় তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে কীভাবে ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানসম্মত এবং গ্রহণযোগ্য মূল্যায়ন করা যায় তা আগামী এক সপ্তাহের মধ্যে স্থির করতে তিনি শিক্ষা দপ্তর ও বিশেষজ্ঞ কমিটিকে নির্দেশ দিয়েছেন। মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং সিবিএসই মূল্যায়ন যেন একসঙ্গে হয় তাও মুখ্যমন্ত্রী নিশ্চিত করতে বলেছেন।মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের সঙ্গে সিবিএসই ও আইসিএসই ও আইএসসি-এর সঙ্গে মিলিয়ে যেন পরীক্ষা নেওয়া হয়। পড়ুয়াদের যাতে কোনও অসুবিধা না হয়, সে দিকে খেয়াল রাখতে হবে। এই দুটি বিষয় আমরা রাজ্য সরকারের তরফে বিশেষজ্ঞ কমিটিকে জানিয়েছি। জনমতকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী এটাও জানান যে, বিশেষজ্ঞ কমিটির পরামর্শ, এ বছর পরীক্ষা না করার দিকেই। ৮৩ শতাংশ মানুষ পরীক্ষা না নেওয়ার পক্ষে। ই-মেলে সাধারণ মানুষ সেই মতামতই জানিয়েছেন।

জুন ০৭, ২০২১
রাজ্য

করোনা পরিস্থিতিতে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক? কী চায় জনতা

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক আদৌ হবে কি না, সে নিয়ে এখনও কোনও সিদ্ধান্তে আসতে পারেনি রাজ্য। কারণ, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী পরীক্ষার সম্ভাব্য সময় ঘোষণা করলেও পরীক্ষা না নেওয়ার সুপারিশ করেছে বিশেষজ্ঞ কমিটি। করোনা পরিস্থিতিতে হওয়া উচিত দুই বড় পরীক্ষা? সে বিষয়ে এবার রাজ্যবাসীর মতামত চাইল রাজ্য। খোদ মুখ্যমন্ত্রীও টুইটে সকলের মত জানতে চেয়েছেন। যদিও রাজ্যের সিদ্ধান্তে খুশি নয় শিক্ষক সংগঠন। তাঁদের কথায়, ইচ্ছে করেই তাঁদের মতামত বাদ দিয়ে অভিভাবকদের মত জানতে চাওয়া হয়েছে।রবিবার রাজ্য সরকারের শিক্ষাদপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বিশেষজ্ঞ কমিটি কোন কোন বিষয় খতিয়ে দেখেছে তা জানানো হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, এই দুই পরীক্ষা নিয়ে এবার রাজ্যবাসীর মতামত নেবে সরকার। তিনটি মেল আইডি দেওয়া হয়েছে ( pbssm.spo@gmail.com, commissionerschooleducation@gmail.com, ও wbssed@gmail.com)। সোমবার দুপুর ২ টোর মধ্যে পরীক্ষার্থী, অভিভাবক-সহ যে কোনও সাধারণ মানুষ পরীক্ষা সংক্রান্ত মতামত জানাতে পারবেন সেখানে।বেশ কিছুদিন আগেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সম্ভাব্য সময় জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। গত সপ্তাহে দিনক্ষণ ঘোষণার কথা থাকলেও তা হয়নি। করোনা পরিস্থিতিতে আদৌ পরীক্ষা নেওয়া যাবে কি না, পরীক্ষা নিলে কী কী বিষয় মাথায় রাখতে হবে এই বিষয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল। দফায় দফায় বৈঠকের পর কমিটির তিন সদস্য একটি রিপোর্ট তৈরি করেন। সেখানে পরীক্ষা নেওয়া ঝুঁকিপূর্ণ বলে তাঁরা জানিয়েছেন, এমনটাই খবর। পাশাপাশি, পরীক্ষা না নিয়ে কীভাবে মার্কশিট তৈরি করা হবে, সে বিষয়ও জানিয়েছিলেন ওই কমিটার সদস্যরা। বলেছিলেন, যেহেতু ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রজেক্টের ১০ নম্বর জমা পড়ে গিয়েছে পর্ষদে। তাই বাকি নবম শ্রেণির রেজাল্টের ভিত্তিতে এবারের মাধ্যমিক পরীক্ষার্থীদের ফাইনাল মার্কশিট তৈরির পরামর্শ দেওয়া হবে। উচ্চমাধ্যমিকের ক্ষেত্রেও প্রজেক্ট জমা পড়ে গিয়েছে সংসদে। যেহেতু চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা করোনার জেরে একাদশের পরীক্ষাও দিতে পারেনি, সেই কারণে তাদের জন্য হোম অ্যাসাইনমেন্ট অর্থাৎ বাড়ি বসেই যদি আরও কোনও প্রজেক্ট করানো যায়, তার ভিত্তিতে মার্কশিট তৈরি করা যেতে পারে।

জুন ০৬, ২০২১

ট্রেন্ডিং

খেলার দুনিয়া

দিল্লির কোচ হয়েই সৌরভের বড় চাল! আইপিএল নিলামে ফিরিয়ে আনতে চান কোন দুই তারকাকে?

দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব নিয়েই দল গোছানোর কাজে নেমে পড়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী আইপিএলের ছোট নিলামে দুই বিদেশি ক্রিকেটারকে দলে ফেরাতে চাইছে দিল্লি। তাঁদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার ফ্রেজার ম্যাকগার্ক এবং ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ। শুধু কোচিং নয়, দল গঠনের কাজেও যে সক্রিয় ভূমিকা নিতে চান সৌরভ, তা স্পষ্ট হয়ে গিয়েছে তাঁর বক্তব্যে।এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছেন, আগামী নিলামে এই দুই ক্রিকেটারকে পাওয়ার ব্যাপারে আগ্রহী দিল্লি। তাঁর কথায়, দুজন বিদেশি ক্রিকেটারকে পাওয়ার ব্যাপারে আমরা আগ্রহী। তাঁরা হলেন অস্ট্রেলিয়ার ফ্রেজার ম্যাকগার্ক এবং ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ।আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় বসার কথা ২০২৭ সালের আইপিএলের ছোট নিলামের আসর। ওই দিনই বেঙ্গালুরুতে ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় এক দিনের আন্তর্জাতিক ম্যাচ হওয়ার কথা। তার আগে ১৭ নভেম্বরের মধ্যে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে দলগুলিকে বলে খবর।ম্যাকগার্কের সঙ্গে দিল্লি ক্যাপিটালসের সম্পর্ক অবশ্য বেশ পুরনো। ২০২৪ সালে বিকল্প ক্রিকেটার হিসেবে দিল্লির দলে যোগ দিয়েছিলেন এই অস্ট্রেলীয় ব্যাটার। পরের নিলামে তাঁকে ধরে রাখতে বিশেষ অধিকার প্রয়োগ করেছিল ফ্র্যাঞ্চাইজি। সে বার ম্যাকগার্কের জন্য ৯ কোটি টাকা খরচ করেছিল দিল্লি। আইপিএলে এখনও পর্যন্ত ১৫টি ম্যাচ খেলে ২৫.৬৭ গড়ে ৩৮৫ রান করেছেন তিনি। তাঁর রান করার গতি ছিল ১৯৯.৪৯।অন্য দিকে, ২০২৪ সালের আইপিএলে ৭৫ লক্ষ টাকায় শাই হোপকে দলে নিয়েছিল দিল্লি। তবে মাত্র এক মরশুমের পরই তাঁকে ছেড়ে দেওয়া হয়। এ বার আবার তাঁকে দলে ফেরানোর ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে সৌরভের দল।সৌরভ দায়িত্ব নেওয়ার পর থেকেই দিল্লি ক্যাপিটালসে একাধিক পরিবর্তন শুরু হয়েছে। শুধু খেলোয়াড় নয়, কোচিং বিভাগেও বড়সড় রদবদল করেছে ফ্র্যাঞ্চাইজি। ভারতের প্রাক্তন লেগস্পিনার অমিত মিশ্রকে স্পিন বোলিং কোচ এবং যুবরাজ সিংকে সহকারী ও ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।দলকে আরও শক্তিশালী করতে ক্রিকেটার বদলের পথেও হাঁটছে দিল্লি। সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে খেলোয়াড় বদলের মাধ্যমে বাঁহাতি পেসার টি নটরাজনকে পাঠিয়ে লেগস্পিনার জিশান আনসারিকে দলে নিয়েছে তারা। এ ছাড়াও লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে খেলোয়াড় বদলের মাধ্যমে কুলদীপ যাদবকে পাঠিয়ে ঋষভ পন্থকে দলে ফেরানোর পরিকল্পনার কথাও উঠে এসেছে।আইপিএলে এখনও পর্যন্ত একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি দিল্লি। ২০২০ সালে ফাইনালে উঠলেও মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয়েছিল তাদের। তার পর থেকে ট্রফির স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। ২০২৫ ও ২০২৬ সালে পর পর দুবার প্লে-অফে জায়গা করতে পারেনি দলটি।এই ব্যর্থতার পরেই কোচিং বিভাগে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নেয় দিল্লি। বিদায় জানানো হয়েছে হেমাঙ্গ বাদানি, ক্রিকেট ডিরেক্টর বেণুগোপাল রাও এবং পেস বোলিং কোচ মুনাফ প্যাটেলকে।এ বার সৌরভের নেতৃত্বে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে দিল্লি ক্যাপিটালস। নিলামে পছন্দের ক্রিকেটারদের দলে নিতে পারলে দল কতটা শক্তিশালী হয়ে উঠবে, সেটাই এখন দেখার। বাংলার মহারাজের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটাইদিল্লিকে প্রথম বার আইপিএল চ্যাম্পিয়ন করা।

নভেম্বর ০৯, ২০২৬
কলকাতা

মৃত্যুর আগে বাবাকেও বলেছিলেন ‘তুমিও খুন হয়ে যেতে পারো’! চিকিৎসকের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য

মৃত্যুর আগে একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তরুণ চিকিৎসক। কখনও সাহায্য চেয়েছিলেন, কখনও আবার প্রাণনাশের আশঙ্কার কথা জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো গেল না। কালীপুজোর দিন নাগেরবাজারের একটি বেসরকারি হস্টেলের ঘর থেকে উদ্ধার হল ৩০ বছর বয়সি চিকিৎসক অভিজিৎ সরকারের ঝুলন্ত দেহ। তাঁর মৃত্যুকে ঘিরে রহস্য তৈরি হয়েছে। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে র্যাগিং ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন অভিজিৎ। এমনকি তাঁকে পরিকল্পনা করে খুন করা হয়ে থাকতে পারে বলেও সন্দেহ পরিবারের।অভিজিৎ এনআরএস মেডিক্যাল কলেজের প্রাক্তন ছাত্র। ২০২৪ সালে সেখান থেকেই এমবিবিএস পাশ করেন তিনি। পরে প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগে এক বছর হাউসস্টাফশিপ করেন। বর্তমানে স্নাতকোত্তর চিকিৎসা পাঠে ভর্তির জন্য নিট-পিজি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।তবে মৃত্যুর আগে তাঁর ফেসবুক প্রোফাইলে করা একাধিক পোস্ট এখন তদন্তকারীদের নজরে এসেছে। ওই পোস্টগুলিতে বারবার নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। একটি পোস্টে সাহায্য চেয়ে তাঁকে বাঁচতে সাহায্য করার আবেদন জানান। অন্য একটি পোস্টে নিজের চারপাশে প্রভাবশালী ব্যক্তিদের উপস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। এই পোস্টগুলি কেন করেছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।অভিজিতের ভগ্নিপতি সুদীপ্ত সরকার নাগেরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরিবারের দাবি, হস্টেলে দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন অভিজিৎ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে নিজের জীবন নিয়েও আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি। মৃত্যুর আগে পরিবারের সদস্যদের ফোন করে তাঁকে খুনের চেষ্টা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় করা পোস্টগুলি মুছে ফেলার জন্যও তাঁর উপর চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ পরিবারের।অভিজিতের মৃত্যুকে নিছক আত্মহত্যা বলে মেনে নিতে নারাজ তাঁর পরিবারের সদস্যরা। তাঁদের সন্দেহ, এর পিছনে পরিকল্পিত অপরাধ থাকতে পারে। হস্টেলের কয়েক জন আবাসিক এবং স্থানীয় বাসিন্দার একাংশের দাবি, ঘটনার দিন হস্টেলের ভিতর থেকে বাঁচার জন্য চিৎকার শোনা গিয়েছিল। তবে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারেন, সে বিষয়ে পরিবারের তরফে এখনও নির্দিষ্ট করে কারও নাম জানানো হয়নি।পুলিশ অভিজিতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সোমবার বিকেলে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় আরজি কর হাসপাতালে গিয়ে অভিজিতের পরিবারের সঙ্গে দেখা করেন। গোটা ঘটনার নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ের তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি।অভিজিতের বাবা জ্ঞানেন্দ্র সরকারের অভিযোগ, তাঁর ছেলে হস্টেলে র্যাগিংয়ের শিকার হয়েছিলেন বলে তাঁদের সন্দেহ। এমনকি তাঁকে খুন করা হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। জ্ঞানেন্দ্র জানান, রবিবার দুপুর ৩টে নাগাদ ছেলের সঙ্গে শেষবার ফোনে কথা হয়েছিল। সেই সময় অভিজিৎ তাঁকে সতর্ক থাকতে বলেছিল। এমনকি বাবাকে বলেছিল, তুমিও খুন হয়ে যেতে পারো।নদিয়ার কালীগঞ্জ থানার সাপজোলা গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা ছিলেন অভিজিৎ। সাপজোলা দেশবন্ধু হাইস্কুল থেকে ২০১৩ সালে মাধ্যমিক এবং ২০১৫ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন তিনি। ওই স্কুলের শিক্ষক গোলক মণ্ডল জানান, অভিজিৎ তাঁর ছাত্র ছিল। পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল সে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছিল।ডাক্তারি পাশ করার পর মাঝেমধ্যে বাড়িতে এলেও বেশির ভাগ সময় নিজের ঘরে মোবাইল ও ল্যাপটপ নিয়ে পড়াশোনা করত অভিজিৎ। এমন এক মেধাবী তরুণ চিকিৎসকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার ও পরিচিতদের মধ্যে।র্যাগিংয়ের অভিযোগ, মৃত্যুর আগে করা সোশ্যাল মিডিয়া পোস্ট এবং পরিবারের তোলা খুনের আশঙ্কাসব দিক খতিয়ে দেখছে পুলিশ। অভিজিতের মৃত্যু আত্মহত্যা, নাকি এর পিছনে অন্য কোনও অপরাধমূলক ঘটনা রয়েছে, তা ময়নাতদন্ত ও ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট এবং পুলিশের তদন্তের পরেই স্পষ্ট হবে।

নভেম্বর ০৯, ২০২৬
কলকাতা

কালীপুজোর পরেই মমতার বাড়িতে দিল্লি পুলিশ! ১৩ বছরের পুরনো মামলায় কেন তলব প্রাক্তন মুখ্যমন্ত্রীকে?

ফের আইনি জটিলতায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীপুজোর পরের দিন সোমবার আচমকাই কালীঘাটে তাঁর বাড়িতে পৌঁছে গেল দিল্লি পুলিশের একটি দল। সঙ্গে ছিলেন কালীঘাট থানার পুলিশ আধিকারিকরাও। ১৩ বছর আগের একটি মামলায় সাক্ষী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানা। সেই সংক্রান্ত নোটিস দিতেই তাঁর বাড়িতে পৌঁছন পুলিশ আধিকারিকরা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মামলাটি ২০১৩ সালের। সরকারি কাজে বাধা দেওয়া এবং সরকারি আধিকারিকদের উপর হামলার মতো একাধিক অভিযোগ রয়েছে ওই মামলায়। দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় মামলাটি দায়ের হয়েছিল। সেই মামলাতেই সাক্ষী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠানো হয়েছে।সোমবার বিকেলে কালীঘাট থানার আধিকারিকদের সঙ্গে নিয়ে মমতার বাড়িতে পৌঁছয় দিল্লি পুলিশের দল। সেখানে তাঁকে নোটিস দেওয়া হয়। তবে এখনই তাঁকে থানায় হাজির হতে বলা হয়নি বলে জানা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধামতো সময়ে তাঁর সাক্ষ্য নেওয়া হবে বলে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে।১৩ বছরের পুরনো মামলায় এতদিন পর কেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সাক্ষী হিসেবে তলব করা হল, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা।এ বিষয়ে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, এতদিন পর কেন তাঁকে ডাকা হল, সেই প্রশ্ন উঠতেই পারে। তবে এর উত্তর দিল্লি পুলিশই দিতে পারবে। আদালতেও নিশ্চয়ই এ বিষয়ে তাদের জবাব দিতে হবে। মামলাটি দিল্লির হওয়ায় এর বেশি কিছু বলতে চাননি তিনি।উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর গত কয়েক মাসে একাধিকবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছেছে তদন্তকারী সংস্থা ও পুলিশ। কখনও পুলিশ, কখনও সিবিআইয়ের উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা হয়েছে। বিভিন্ন মামলায় বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে তৃণমূল। এবার ২০১৩ সালের পুরনো মামলায় দিল্লি পুলিশের নোটিস ঘিরে নতুন করে চর্চা শুরু হল রাজনৈতিক মহলে।

নভেম্বর ০৯, ২০২৬
রাজ্য

দিঘায় পর্যটকদের জন্য একগুচ্ছ চমক! হোম স্টে করলেই মিলবে ৫ লক্ষ টাকা, জানালেন মুখ্যমন্ত্রী

দিঘাকে বিশ্বমানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে একগুচ্ছ বড় পরিকল্পনা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের দফতরে আয়োজিত এক প্রশাসনিক বৈঠকে এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, উদয়পুর থেকে শুরু করে প্রায় ২৭ কিলোমিটার দীর্ঘ সমুদ্রসৈকতকে নতুন করে সাজিয়ে তোলা হবে। পর্যটন, বন, সেচ, পূর্ত, পরিবহণ এবং পরিবেশ দফতরকে সঙ্গে নিয়ে এই কাজের পরিকল্পনা তৈরি করা হচ্ছে।শুধু দিঘা নয়, আশপাশের একাধিক এলাকাকেও নতুন পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। গোপালপুর, মাজিলাপুরের হরিপুর, বগুড়ার জলপাই, দারিয়াপুর এবং পেটুয়ার মতো এলাকাকে এই পরিকল্পনার আওতায় আনা হবে। সরকারের লক্ষ্য, এমন পর্যটনকেন্দ্র তৈরি করা, যেখানে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মানুষও কম খরচে ঘুরতে যেতে পারবেন।মুখ্যমন্ত্রী জানান, দিঘা থেকে মন্দারমণি, শঙ্করপুর, চাঁদপুর এবং আশপাশের উপকূলবর্তী এলাকায় নতুন পর্যটনকেন্দ্র তৈরি করা হবে। এই এলাকাগুলিতে যাঁরা হোম স্টে তৈরি করতে চান, তাঁদের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সরকারি সাহায্য দেওয়া হবে। নতুন দোকান, হোটেল বা লজ তৈরি করতে চাইলেও সরকার সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।পর্যটকদের যাতায়াতের সুবিধার জন্য দিঘা থেকে মন্দারমণি, তাজপুর এবং চন্দনেশ্বর মন্দির পর্যন্ত বাস পরিষেবা চালুর উদ্যোগও নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি দিঘার হারিয়ে যাওয়া ঝাউবন ফিরিয়ে আনতে সমুদ্রসৈকত জুড়ে ম্যানগ্রোভ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। এর ফলে উপকূলের পরিবেশ রক্ষার পাশাপাশি পর্যটকদের কাছেও নতুন আকর্ষণ তৈরি হবে বলে মনে করছে সরকার।দিঘায় তোলাবাজি ও সিন্ডিকেটের অভিযোগ নিয়েও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, সরকার পরিবর্তনের পর দিঘায় তোলাবাজি ও সিন্ডিকেটের কাজ বন্ধ হয়েছে। নতুন করে কেউ দোকান খুলতে চাইলে আবেদন করতে পারবেন। হোটেল, লজ বা হোম স্টে তৈরির ক্ষেত্রেও সরকার সাহায্য করবে। হোম স্টে তৈরির জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।দিঘার পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলতে পুরনো স্নেক পার্ক আবার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অমরাবতী পার্কের সৌন্দর্য বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। পর্যটকদের দ্রুত যাতায়াতের সুবিধার জন্য সরকারি উদ্যোগে হেলিকপ্টার পরিষেবা চালুর কথাও ভাবছে রাজ্য সরকার। সেই সঙ্গে পরিবেশবান্ধব যাতায়াতের ব্যবস্থা করতে তৈরি করা হবে সিএনজি স্টেশন এবং বৈদ্যুতিক বাসের জন্য চার্জ দেওয়ার পরিকাঠামো।অন্যদিকে, চাঁদপুর ও শঙ্করপুরে সমুদ্রের ভাঙন রুখতে সেচ দফতরের দুটি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। উপকূলবর্তী এলাকায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী মার্চ মাসে রাজ্য পুলিশের ৫০ জন সদস্যকে নিয়ে একটি দুর্যোগ মোকাবিলা শাখা তৈরির পরিকল্পনা রয়েছে।সব মিলিয়ে দিঘা ও আশপাশের উপকূলবর্তী এলাকাকে নতুন করে পর্যটনের মানচিত্রে তুলে ধরতে চাইছে রাজ্য সরকার। আগামী দিনে এই পরিকল্পনাগুলি বাস্তবায়িত হলে দিঘা, মন্দারমণি, শঙ্করপুর ও তাজপুরের পর্যটন ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে।

নভেম্বর ০৯, ২০২৬
কলকাতা

মুম্বই পালানোর ছক! বিমানবন্দর থেকেই গ্রেপ্তার ক্যানিংয়ের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস

সিআইডি-র জিজ্ঞাসাবাদের মুখে পড়েও শেষরক্ষা হল না। ধর্ষণ মামলায় অভিযুক্ত ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার সন্ধ্যায় মুম্বই যাওয়ার পথে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এই অভিযান চালায়। প্রায় ১৭ দিন ধরে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পুলিশের প্রাথমিক অনুমান, তদন্ত এড়াতেই মুম্বই পালানোর চেষ্টা করছিলেন বিধায়ক।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যানিং থানায় দায়ের হওয়া একাধিক মামলায় অভিযুক্ত পরেশরাম দাস। তাঁর বিরুদ্ধে ধর্ষণ, মারধর, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। গত ৫ সেপ্টেম্বর ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩২৩, ৪২০, ১২০বি এবং ৫০৬ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়।এই মামলার তদন্তে পরেশরাম দাসকে দুবার তলব করেছিল সিআইডি। একবার তদন্তকারীদের মুখোমুখি হয়ে জিজ্ঞাসাবাদেরও সম্মুখীন হন তিনি। কিন্তু অক্টোবরের শেষ সপ্তাহ থেকে আচমকাই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিধায়কের ক্যানিংয়ের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেই সময় চার জন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হলেও পরেশরাম দাসের সন্ধান মেলেনি। এরপর থেকেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন তদন্তকারীরা।পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে তদন্তকারীরা জানতে পারেন, কলকাতা থেকে মুম্বই যাওয়ার পরিকল্পনা করছেন বিধায়ক। সেই খবরের ভিত্তিতে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নজরদারি শুরু করে বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। বিধাননগর পুলিশের সাহায্যে বিমানবন্দর থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়।বারুইপুর জেলা পুলিশের পুলিশ সুপারের তত্ত্বাবধানে এই অভিযান চালানো হয়। ধৃত বিধায়ককে বারুইপুর জেলা পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাঁকে মামলার বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হবে।

নভেম্বর ০৯, ২০২৬
কলকাতা

পেট্রল পাম্পের উল্টো দিকের বাড়িতে দাউদাউ আগুন! বেলেঘাটায় আতঙ্ক, ছুটে এল দমকলের চার ইঞ্জিন

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় একটি বাড়িতে ভয়াবহ আগুন লাগল। রবিবার সন্ধ্যায় বেলেঘাটা পেট্রল পাম্পের উল্টো দিকে ওই বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাড়ির অন্য অংশেও। আগুনের গ্রাসে বাড়ির একাংশ পুড়ে ছাই হয়ে যায়। গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। দমকলকর্মীদের দীর্ঘ চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছিল। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার পর বাড়ির ভিতরে থাকা সকলে দ্রুত বাইরে বেরিয়ে আসেন। দমকলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। স্থানীয়দের দাবি, বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে এলাকা। কারণ, বাড়িটির ঠিক উল্টো দিকেই রয়েছে একটি পেট্রল পাম্প। পাশেই রয়েছে কালীপুজোর মণ্ডপ। শুধু তা-ই নয়, বাড়িটির নীচে রয়েছে একাধিক দোকান। আগুন আরও ছড়িয়ে পড়লে বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা স্থানীয়দের।কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, আতশবাজির ফুলকি এসে বাড়িতে পড়েছিল। তা থেকেই আগুন লাগে এবং দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও এই দাবির সত্যতা এখনও নিশ্চিত করেনি পুলিশ বা দমকল। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।অন্য দিকে, কাঁথিতেও কালীপুজোর সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কাঁথির সিএস মাঠে যাওয়ার রাস্তার ধারে একটি বাইকের শোরুমের গোডাউনে ভয়াবহ আগুন লাগে। আগুনে পুড়ে যায় একাধিক নতুন বাইক। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁথি থানার পুলিশ এবং দমকলের দুটি ইঞ্জিন। দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন।কাঁথির গোডাউনে কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। বেলেঘাটা এবং কাঁথিদুই জায়গার অগ্নিকাণ্ডের কারণই খতিয়ে দেখা হচ্ছে।

নভেম্বর ০৯, ২০২৬
খেলার দুনিয়া

ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করেই পকেট থেকে চিরকুট! পাকিস্তানের হামজার কাণ্ড দেখে অবাক নেটপাড়া

সেঞ্চুরি করার আনন্দই আলাদা। আর সেই সেঞ্চুরি যদি আসে ভারতের বিরুদ্ধে দলকে জিতিয়ে, তা হলে আনন্দ যে আরও বেড়ে যাবে, সেটাই স্বাভাবিক। রবিবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ঠিক এমনই এক কীর্তি গড়লেন পাকিস্তানের তরুণ ক্রিকেটার হামজা জহুর। ভারতকে হারিয়ে দলকে জেতানোর পাশাপাশি নজর কাড়লেন আরও একটি কারণে। ম্যাচের শেষে পকেট থেকে একটি চিরকুট বার করে ক্যামেরার সামনে ধরলেন তিনি। তাতে কী লেখা ছিল?মাঠে নামার আগেই নিজের জন্য একটি লক্ষ্য ঠিক করেছিলেন হামজা। চিরকুটে লিখেছিলেন, এই ম্যাচে তিনি ৫০ রান করবেন। সেই কাগজই ম্যাচের শেষে সকলকে দেখান তিনি। তাতে লেখা ছিল, আগামিকালের ম্যাচে ৫০ রান করব, ইনশাআল্লাহ। হামজা জহুর। আমিই সেরা। তবে শুধু ৫০ রান নয়, শেষ পর্যন্ত সেঞ্চুরি করেই দলকে জেতালেন পাকিস্তানের এই ব্যাটার। ম্যাচের পর হামজা জানান, তাঁর এই ইনিংস ভাইকে উৎসর্গ করেছেন।প্রথমে ব্যাট করে ভারত ২০৮ রান তোলে। দলের হয়ে নজর কাড়েন অর্জুন রাজপুত। তাঁর দুরন্ত ১০৭ রানের ইনিংস ভারতকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয়। তবে প্রত্যাশা পূরণ করতে পারেননি বীরেন্দ্র শেহওয়াগের ছেলে আর্যবীর এবং রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়। আর্যবীর করেন ২২ রান। অন্বয়ের সংগ্রহ মাত্র ১০।জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। ভারতীয় বোলারদের দাপটে ১৫ ওভারের মধ্যেই ৬১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। সেই কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন হামজা। হুসনাইন আব্বাস দারের সঙ্গে গড়েন ১০৭ রানের গুরুত্বপূর্ণ জুটি। তাঁদের ব্যাটিংয়েই ম্যাচে ফেরে পাকিস্তান। পরিস্থিতি বুঝে কখনও বাউন্ডারি, কখনও বড় শট খেলে ভারতীয় বোলারদের উপর চাপ বাড়ান হামজা।এর পর দলের নিচের দিকের ব্যাটারদের সঙ্গে নিয়ে জয়ের লক্ষ্যে এগিয়ে যান তিনি। শেষ পর্যন্ত ৩ উইকেট হাতে রেখেই জয়ের রান তুলে নেয় পাকিস্তান। ১০৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন হামজা। ম্যাচ জেতানোর পর তিনি বলেন, ডাগআউট থেকে তাঁকে শেষ পর্যন্ত ক্রিজে থাকার বার্তা দেওয়া হয়েছিল। সেই কথাই মাথায় রেখে ব্যাট করেছেন। দলের হয়ে ম্যাচ জেতানোই ছিল তাঁর একমাত্র লক্ষ্য।পাকিস্তানের অধিনায়ক ফারহান ইউসুফও হামজার প্রশংসা করেছেন। তাঁর মতে, চাপের মুখে হামজার এমন ইনিংস খেলায় তিনি অবাক নন। সতীর্থের দক্ষতা সম্পর্কে তিনি জানেন। পরিস্থিতি বুঝে যেভাবে ব্যাট করেছেন হামজা, তার প্রশংসা করেছেন অধিনায়ক।এ দিনের ইনিংসের পর হামজাকে নিয়ে সমাজমাধ্যমেও শুরু হয়েছে আলোচনা। সম্প্রতি মুক্তি পাওয়া ধুরন্ধর ছবিতে রণবীর সিংয়ের চরিত্রের নাম ছিল হামজা আলি মাজার। পাকিস্তানের এই ক্রিকেটারের নামও হামজা। সেই মিল থেকেই অনেক নেটাগরিক তাঁকে পাকিস্তানের ধুরন্ধর ক্রিকেটার বলে উল্লেখ করছেন।

নভেম্বর ০৯, ২০২৬
রাজ্য

১০৩ বছরের পুজোয় বড় চমক! বড়মার সাজে নতুন কী সংযোজন, দেখতে ভিড় নৈহাটিতে

হিরে, চুনি, পান্না বসানো বিশেষ টিপ। গলায় নতুন সীতা হার। তার সঙ্গে সোনা ও রুপোর নানা গয়নায় সেজে উঠেছেন নৈহাটির বড়মা। ১০৩ বছরের পুজোয় এ বার দেবীর সাজে যুক্ত হয়েছে এই দুই নতুন অলঙ্কার। রবিবার বিকেলে নতুন সাজে ভক্তদের দর্শন দিয়েছেন বড়মা। সোনা ও রুপো মিলিয়ে প্রায় ১১০ কেজি গয়নায় সেজেছেন দেবী। নতুন সাজ দেখতে সকাল থেকেই নৈহাটিতে ভক্তদের ঢল নেমেছে।নৈহাটি স্টেশন সংলগ্ন অরবিন্দ রোডে বড়মার দর্শনের জন্য রবিবার ভোর থেকেই ভিড় জমাতে শুরু করেন ভক্তেরা। অনেকে মানত পূরণ করতে দণ্ডিও কাটেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় ছিল কড়া পুলিশি নিরাপত্তা। গোটা এলাকায় নজরদারিও চালানো হয়।এ বার বড়মার সাজে বিশেষ আকর্ষণ হিরে, চুনি ও পান্না বসানো নতুন টিপ এবং সীতা হার। এ ছাড়াও দেবীর গলায় ও শরীরে রয়েছে নানা সোনার ও রুপোর অলঙ্কার। রয়েছে রুপোর মুকুট, সোনার বালা, চুড়ি এবং পায়ের নূপুর।পুজো কমিটির মুখপাত্র অনন্ত চট্টোপাধ্যায় জানিয়েছেন, ভক্তদের দানেই প্রতি বছর বড়মার গয়নার সম্ভার বাড়ছে। এ বারও ভক্তদের দেওয়া উপহার হিসেবে এসেছে নতুন সীতা হার এবং হিরে, চুনি, পান্না বসানো বিশেষ টিপ। বিসর্জনের সময় দেবীর সোনার চোখ গঙ্গায় বিসর্জন দেওয়ার প্রথাও এ বার বজায় থাকবে।বড়মার কাছে মানত পূরণ করতে দূরদূরান্ত থেকে এসেছেন অসংখ্য ভক্ত। দণ্ডি কাটার জন্যও ভিড় ছিল চোখে পড়ার মতো। মন্দির কর্তৃপক্ষের দাবি, গত দুদিনে প্রায় এক লক্ষ মানুষ দণ্ডি কেটেছেন। বিপুল ভিড় সামলাতে মন্দির চত্বর এবং আশপাশের এলাকায় বিশেষ ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা। নজরদারি চালানো হচ্ছে শতাধিক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে।রবিবার সন্ধ্যায় সিঁদুর দানের পর শুরু হয় দেবীবরণের পর্ব। রাত সাড়ে এগারোটায় গঙ্গাজল আনার কথা। তার পর মধ্যরাতে শুরু হবে মূল পুজো। রাত দেড়টায় অঞ্জলি দেওয়ার সময় মন্দিরে ভক্তদের ভিড় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। ভোর তিনটেয় ভক্তদের মধ্যে সন্দেশ ও প্রসাদ বিতরণ করা হবে।বড়মার ভোগের আয়োজনেও রয়েছে নানা পদ। দেবীর জন্য রাখা হয়েছে খিচুড়ি, পোলাও, মাছভাজা, পাঁচমিশেলি তরকারি, আলুর দম, চাটনি, পায়েস ও মিষ্টি। অন্য দিকে, মহাদেবের ভোগে রয়েছে লুচি, সাদা ভাত, ডাল, আলু-ফুলকপির তরকারি, ছানার তরকারি, সুজির হালুয়া ও মিষ্টি।বড়মার নতুন সাজ দেখতে যেমন ভক্তদের উৎসাহ চোখে পড়ছে, তেমনই পুজো ও দর্শনের ভিড় সামলাতে প্রস্তুত প্রশাসনও। ১০৩ বছরের ঐতিহ্যবাহী এই পুজোয় এ বার নতুন অলঙ্কারের আকর্ষণ যে ভক্তদের কৌতূহল আরও বাড়িয়েছে, তা নৈহাটির ভিড়েই স্পষ্ট।

নভেম্বর ০৯, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal